সরকার এখন হামলার পথ বেছে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাম বিকল্প শক্তি গড়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই সিলেটের সমাবেশে ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) সমমনা সংগঠনের নেতারা। তাঁরা বলেন, মহাজোট সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। নিজেদের দুর্নীতি, ব্যর্থতায় বেসামাল হয়ে তারা এখন হামলার পথ বেছে নিয়েছে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করা হয়।
গত রোববার সিলেটে সিপিবি ও বাসদের সমাবেশে হামলা করে স্থানীয় ছাত্রলীগ। এরই প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে গতকাল বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে সিপিবি-বাসদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় পুলিশ ও র‌্যাব নিষ্ক্রিয় ছিল। জনসভার নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করে হামলার বৈধতা দিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের আগেই হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব ও রুহিন হোসেন, বাসদের নেতা বজলুর রশিদ, রাজেকুজ্জামান প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের মফিজুল ইসলাম খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী প্রমুখ।
আসকের উদ্বেগ: সিপিবি ও বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের হামলায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের এক বিজ্ঞপ্তিতে সাম্প্রতিককালে ছাত্রলীগের বেপরোয়া হামলা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা আসককে উদ্বিগ্ন করে তুলেছে।