সরকার এবং এনজিও একে অপরের পরিপূরক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এনজিও হচ্ছে সরকারের সমান অংশীদার বা পার্টনার। সরকার একা কিছু করতে পারে না। তাই সরকার ও এনজিও দুটি আলাদা পার্টি নয়, একে অপরের পরিপূরক। তিনি এনজিওবিষয়ক আইনের খসড়াটি দ্রুত পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল এনজিওবিষয়ক ব্যুরো আয়োজিত এক এনজিও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে গওহর রিজভী বলেন, রাষ্ট্রশক্তি অনেক সময় অনেকে দখল করে নেয়। অগণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এ ধরনের সরকার ক্ষমতায় এলে সুশীল সমাজ ও এনজিও সে সরকারের সঙ্গে কাজ করতে পারে না। এনজিও ও সুশীল সমাজের উচিত এ ধরনের সরকারের বিরোধিতা করা।
সমাবেশে ঢাকা বিভাগের বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এনজিও এবং সরকারের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। এনজিও পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমাবেশে এনজিওর পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার চৌধুরী।
এনজিওবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে এনজিওর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ভূমিকাকে আরও মজবুত করতেই এর আগে ছয়টি বিভাগীয় শহরে এবং গতকাল ঢাকা বিভাগে এনজিও সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের সুপারিশের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।
সমাবেশের বিশেষ অতিথি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘ঠিকমতো কাজ করছি কি না জেলা প্রশাসকের কার্যালয় থেকে সে প্রত্যয়নপত্র দিতে এত দেরি করে যে পরবর্তী সব কাজে ঝামেলা তৈরি হয়ে যায়। তারপর ব্যুরো থেকে ২২ থেকে ২৩টি ইনকোয়ারি পাঠানো হয়। শুধু কৈফিয়তই দিতে হয়। তাই প্রতিদিনই মনে হয়, দূর এই কাজ ছেড়েই দেব।’
সুলতানা কামাল বলেন, ‘সরকার মনে করে রাষ্ট্র শুধু তার। জনগণ যে গুরুত্বপূর্ণ তা সরকার মনে রাখতে চায় না। তবে আমরা দেশের ভালোর জন্য কাজ করছি। এর বিপরীতে যদি কিছু পায় তখনই কেবল সরকার আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। সরকার ও এনজিও একে অপরের সঙ্গী তা উভয় পক্ষকেই উপলব্ধি করতে হবে।’
সমাবেশের সভাপতি এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার বলেন, সরকার এনজিওকে দূরের মনে করে না। সরকারের একই কাতারে মনে করে বলেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। খোলামেলা আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আর দূরত্ব থাকবে না।