সরকার এরশাদকে নিয়ে আর টানাহেঁচড়া করবে না: কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে আর টানাহেঁচড়া করবে না সরকার। এরশাদ নির্বাচনে আসা না-আসার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, সংবিধান মোতাবেক ৫ জানুয়ারিই নির্বাচন হবে। এতে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘১৩ ডিসেম্বরের মধ্যে দেশে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তবে জরুরি অবস্থা জারি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের নামে মানুষকে আগুনে পুড়িয়ে মারছে। নিরীহ মানুষ তাদের প্রতিহিংসার শিকার হচ্ছে।
যোগাযোগমন্ত্রী এ সময় সেনাবাহিনীর সদস্যদের ডেকে এনে মেঘনা, মেঘনা-গোমতী ও কাঁচপুর সেতুতে তাদের পাহারা বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, বিরোধী দল দেশে যেভাবে সরকারি ও মানুষের সম্পদ নষ্ট করছে তারা যেকোনো সময় এসব সেতুকে টার্গেট করে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের এসব সেতু এলাকায় টহল বাড়াতে হবে যাতে সেতুগুলোর কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এ জন্য দৃষ্টি রাখার নির্দেশ দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের আর বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু লোক সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে সেতুগুলো মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।