সরকার ও আ.লীগের ত্রাণ তৎপরতায় বিএনপি দিশেহারার মতো কথা বলছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ত্রাণ তৎপরতায় বিএনপি দিশেহারার মতো কথা বলছে।' বিএনপির ত্রাণ কার্যক্রম দেখা যাচ্ছে না বলেও জানান মন্ত্রী। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব বলেন।
সম্প্রতি সরকার ও আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রমের সমালোচনা করেছে বিএনপি। এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার নানাভাবে সহায়তার আওতায় এনেছে। অপরদিকে কদিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মির্জা ফখরুল বলছেন, তাঁরা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন!'
মন্ত্রী জানান, সরকার ৫০ লাখ পরিবারকে বছরে ৭ মাস মাসে ৩০ কেজি করে চাল ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে। এ ছাড়া আরও ১ কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার বলে জানান।
আওয়ামী লীগ ক্ষমতায় বা বিরোধী দল যেখানেই ছিল, সব সময় দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আর বিএনপি এখনো শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।’
অনিয়ম প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো, যদিও একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে, পরে নিয়মিত মামলাও হবে।
তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর
করোনাভাইরাসের দুর্যোগের সময়ে সহায়তা চেয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের একটি তালিকা হস্তান্তর করেছেন বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে' সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু এ তালিকা হস্তান্তর করেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আলোচনা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সহায়তার বিষয়টিও আলোচনায় রয়েছে। তিনি বলেন, 'যেহেতু সাংবাদিকেরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন এবং করোনা মোকাবিলাতেও তারা কাজ করছেন, আমরা আশা করছি, শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে আমরা সক্ষম হব। মন্ত্রী জানান, জাতীয় প্রেসক্লাবে ইতিমধ্যেই একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে।
তালিকা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খানও এ সময় মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠন সদস্যদের তালিকা হস্তান্তর করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ সময় উপস্থিত ছিলেন।