সরকার ও আ.লীগের সঙ্গে শত্রুতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে কোনো আদাওয়াত (শত্রুতা) নাই। কেউ যদি বলে, হাসিনা সরকার, ছাত্রলীগ আমাদের দুশমন, এটা আপনাদের বুঝাটা ভুল হবে। এদের কাউকে কোনো দিন আমি গাল দেই নাই।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত দুই দিনব্যাপী শানে রিসালত সম্মেলনের উদ্বোধনী দিনের দ্বিতীয় অধিবেশনে শাহ আহমদ শফী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লোকমান হাকিমের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতের নেতা আলতাফ হোসেন, নুর মোহাম্মদ, মুফতি ফজলুল হক আমিনীর ছেলে মুফতি আবুল হাসনাত আমিনী, মুফতি শাখাওয়াত হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।
আল্লামা শফী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘আমরা ভালো হলে সরকার ভালো হবে। আমরা যদি খারাপ হই, সরকার খারাপ হবে। আমাদের ওপর জুলুম অত্যাচার চালাবে। আমরা মুসলমান। আমাদের সঙ্গে কারও আদাওয়াত নাই। একমাত্র আদাওয়াত, যারা আল্লাহর দেশে থাকে আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহকে মানে না, তারা আল্লাহর দেশে থাকতে পারবে না।’
সম্মেলনে আগত নেতা-কর্মীদের উদ্দেশে শফী বলেন, ‘আসুন, আমরা আল্লাহর দরবারে তওবা করি। আমরা খারাপ হয়ে গেছি। না হলে আমাদের এ দেশ সোনার বাংলা হবে না কেন? আমরা আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি, বাংলাদেশকে যেন সোনার বাংলা বানাতে পারি। যেসব ব্যবসায়ী ব্যবসা চালাতে পারছে না, তাদের জন্য দোয়া করেন। যেসব গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, সেগুলো যাতে আবার চালু হয়, রাস্তাঘাট ভালো হয়, সে জন্য দোয়া করেন।’
আল্লামা শফী আরও বলেন, ‘আমাদের দেশের কীভাবে উন্নতি হয়, আমাদের স্বভাবচরিত্র কীভাবে ভালো হয়, ওদিকে লক্ষ রাখবেন। আমরা এ দেশের মানুষ, এ দেশে থাকতে হবে, এ দেশে থাকার মতো যেন থাকতে পারি, সে জন্য দোয়া করবেন। আপন ভালো হলে জগৎ ভালো হয়। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।’
এর আগে গতকাল বাদ জুমা শানে রেসালত সম্মেলনের উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হাটহাজারী বাথুয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ শফী। এ সময় বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।