সরকার ও চিনিকল কর্তৃপক্ষের জন্যই জীবন হারাচ্ছে নিরীহরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির শর্ত অনুযায়ী ইক্ষু চাষের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৮৪২ একর জমি আদিবাসীদের কাছে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার ও চিনিকল কর্তৃপক্ষ সেই শর্ত ভঙ্গ করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছে। এ কারণেই গত সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র জাতিসত্তার নিরীহ মানুষ জীবন ও সম্পদ হারাচ্ছে।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় আদিবাসী জনগোষ্ঠীর পক্ষে ওই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় আদিবাসী জনগোষ্ঠীর মুখপাত্র মাইকেল বি মালো।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি অধিগ্রহণের শর্ত অনুযায়ী আখ চাষ বন্ধ করা হলে বা মিল কর্তৃপক্ষ ভূমির মালিকানা কখনো ছেড়ে দিতে বা ইজারা দিতে চাইলে অগ্রাধিকার ভিত্তিতে জমির প্রকৃত মালিকদের কাছে সেই জমি ফেরত বা ব্যবহারের জন্য ইজারা দিতে হবে। বর্তমানে অধিগ্রহণকৃত ওই সম্পত্তিতে মিল কর্তৃপক্ষ আখ চাষ করছে না এবং ওই জমি কারখানার কোনো প্রয়োজন নেই। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ওই জমি প্রকৃত মালিকদের কাছে ফেরত বা ইজারা না দিয়ে অন্যায়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছে ইজারা দিয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক পর্যায়ে তদন্ত হয়েছে। ক্ষুদ্র জাতিসত্তার পক্ষে প্রতিবেদনও দেওয়া হয়েছে। কিন্তু আজও তাঁরা ভূমির মালিকানা ফেরত বা ইজারা পাননি। এ অবস্থায় কারখানার স্টাফ ও ভাড়াটে সন্ত্রাসীরা একজোট হয়ে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে গত রোববার তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ক্ষুদ্র জাতিসত্তার এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।