সরকার ও দলের দূরত্ব কমাতে তৎপর হচ্ছেন আ.লীগ নেতারা
সরকার ও দলের মধ্যে দূরত্ব কমিয়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মন্ত্রী ও সাংসদদের দলীয় কার্যালয়ে সময় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় নেতারা দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবেন। এ সময় তাঁরা জেলা ও উপজেলার বর্ধিত সভায় যোগ দেবেন।গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় বর্ধিত সভায় তৃণমূল নেতারা সরকার ও দলের মধ্যে দূরত্ব সৃষ্টির অভিযোগ করেছেন। তাঁরা সাংসদদের দলীয় কার্যক্রমে সময় কম দেওয়ার কথাও বলেন। মাঠের নেতারা দল ও সরকারের মধ্যে সমন্বয়ের পরামর্শ দেন। একই সঙ্গে তাঁরা দ্রুত স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় দলীয় সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন। এ অভিযান আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।দলীয় সূত্র জানায়, তৃণমূল নেতাদের বক্তব্য আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাঁদের পরামর্শ অনুযায়ী দলের সাংগঠনিক তত্পরতা বাড়িয়ে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে নির্বাচনযোগ্য স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন শেষ করা হবে।সূত্র জানায়, তৃণমূল নেতাদের বক্তব্য আমলে নিয়ে সাংগঠনিক কর্মসূচি ঠিক করতে আগামী দু-চার দিনে মধ্যে দলীয় সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর বৈঠক ডাকা হবে। ওই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর প্রণয়ন করা হতে পারে। তা ছাড়া দলীয় উপকমিটিগুলোও দ্রুত গঠন করা হবে। সহসম্পাদকদের পদগুলো দ্রুত পূরণ করা হবে। দলীয় সাংসদেরাও উপকমিটির সদস্য হবেন। সাংসদ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, তাঁকে সেই বিষয়ক উপকমিটির সদস্য করা হবে। এ ছাড়া সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তিন িট সেল গঠন করা হবে। বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সেলপ্রধান করা হবে।সূত্র জানায়, জেলা ও উপজেলায় কেন্দ্রীয় সফরকালে সাংগঠনিক কোনো সমস্যা তাত্ক্ষণিক সমাধানের চেষ্টা করা হবে। জটিলতা থাকলে তা কেন্দ্রকে অবহিত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ের কাউন্সিল করা হবে না। সদস্য সংগ্রহ অভিযান এবং স্থানীয় সরকার নির্বাচনের পর জুলাই থেকে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কাউন্সিল শুরু হবে। এ ছাড়া মন্ত্রী কোনো জেলায় সরকারি সফরে গেলে সেই জেলার দলীয় নেতাদেরও সময় দেবেন, সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেবেন।আওয়ামী লীগের সাংগঠনিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বর্ধিত সভার আলোকে সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতিগুলো শোধরানোর চেষ্টা করা হবে। শিগগিরই কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হবে। স্থানীয় নির্বাচনের পর তৃণমূলের কাউন্সিল শুরু হবে।