ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেছেন, জঙ্গিবাদ আজ সরকারের বাইরে একাংশ এবং প্রশাসন ও সরকারে একাংশে রয়েছে। এমনকি এই মন্ত্রিসভার ভেতরেও জঙ্গিবাদ আছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত অজয় রায়ের স্মরণসভায় তিনি এই অভিযোগ করেন।
গতকাল বুধবার শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা অজয় রায়ের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাঁরা গতকাল সম্প্রীতি সমাবেশ করতে চেয়েছিলেন, কিন্তু উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন তাতে অনুমতি দেয়নি। আর সাঁওতালদের বাড়িতে পুলিশ আগুন দিচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
পঙ্কজ ভট্টাচার্য দাবি করেন, ঢাকায় একজন মন্ত্রীর উপস্থিতিতে বসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আজ ভেতরে-বাইরে আক্রান্ত বাংলাদেশ। অনুষ্ঠানে সাবেক বিচারপতি কাজী এবাদুল হক অজয় রায়ের কর্মময় জীবনের প্রসঙ্গ তুলে বলেন, তিনি শুধু সংগ্রামী ছিলেন না, ছিলেন মানবতাবাদী। অজয় রায়ের সহধর্মিণী জয়ন্তী রায় অজয় রায়ের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না।
সভায় আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী, জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার, যুক্তরাষ্ট্রপ্রবাসী খোরশেদুল আলম প্রমুখ।