সরকার ও বিরোধী দল দুটি পছন্দই রয়েছে: জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, তাঁর দল ৫ জানুয়ারি নির্বাচন-পরবর্তী সরকারের শরিক হতে ইচ্ছুক। বিরোধী দলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আজ বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের অন্যতম মিত্র জাসদের সভাপতি ইনু এসব কথা বলেন।

জাসদের ৩১ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। ইশতেহারে দলটি বলেছে, মহাজোট সরকারের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহাজোটের শাসনামলে ক্ষেত্রবিশেষে সুশাসনের অভাব ও ক্ষেত্রবিশেষে দুর্নীতি রোধে ব্যর্থতা স্বীকার করে।

আম্বিয়া বলেন,  ‘জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থীদের চারজন ১৪ দলীয় ঐক্যের ধারায় ১৪ দলের অভিন্ন প্রতীক নৌকা ও ১৯ জন প্রার্থী দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তিনটি নির্বাচনী এলাকায় জাসদ স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রদান করেছে।’

নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাসদের সভাপতি ইনুসহ চারজন। ইনু তাঁর আসনে একমাত্র বৈধ প্রার্থী। ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকেরা প্রশ্ন করেন, নৌকা প্রতীক পাওয়া চারজন সরকারে, বাকিরা বিরোধী দলে যাবে কি না। নির্বাচনে জাসদ যদি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়, তাহলে দলটি সংসদে বিরোধী দল হবে কি না।

এসব প্রশ্নের জবাবে ইনু বলেন, জাসদ সরকারে অংশ নিতে ইচ্ছুক। দলটি একটি কার্যকর সংসদ দেখতে চায়। বিরোধী দল হিসেবে সংসদে আসার সম্ভাবনা কম। কারণ জাতীয় পার্টি নির্বাচনে আছে। তবে চূড়ান্ত হিসেব-নিকেশ হবে নির্বাচনের পর।

জাসদ আজ যে ইশতেহার ঘোষণা করেছে, তাতে দুটো পথই খোলা রেখেছে। দলটি সরকারে অংশ নিলে কী করবে, আর দল থেকে নির্বাচিত সাংসদেরা কী করবেন, তা আলাদাভাবে উল্লেখ করেছে।

ইশতেহারের শেষাংশে দলটি বলেছে, ‘জাসদের প্রার্থীরা বিজয়ী হলে সরকারের ভেতরে ও বাইরে, সংসদের ভেতরে ও বাইরে নীতিনির্ধারণে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাবে এবং ঐক্য সংগ্রাম ঐক্য নীতির ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।

জাসদ বলছে, ‘জাতীয় জীবনের এক বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ ইনুর মতে, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা জঙ্গিবাদের দোসর, তারাই সংবিধান বানচালকারী, তারা অগণতান্ত্রিক সরকারকে উসকে দিচ্ছে। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষাসহ সব ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা অক্ষুণ্ন রাখতে নির্বাচন জরুরি।

জাসদের ৩১ দফা ইশতেহার ঘোষণা—৩১ দফা ইশতেহারে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে সব বিষয়ে সংসদের জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা, সংসদের প্রথম অধিবেশনের সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংসদীয় কমিটিগুলোর প্রকাশ্য গণশুনানির ব্যবস্থা চালু করা, ৭০ ধারা সংশোধন করে সংসদ সদস্যদের স্বাধীন ভূমিকা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে বলে দাবি করেছে।

দুর্নীতি মোকাবিলায় দুর্নীতি দমন কমিশনকে লোকবল ও প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী ও স্বাধীন করার কথা বলা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রী, সচিব, সরকারি অধিদপ্তর-পরিদপ্তর-বিভাগ-সেক্টর করপোরেশনের প্রধান থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা, সমাজের অন্যান্য ক্ষেত্রের ক্ষমতাবানদের আয়-ব্যয় এবং সম্পদের বিবরণী প্রতিবছর প্রকাশ করার প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে দলটি। শিল্প খাতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ও ১৮ বছর বয়সের ওপরে সবার জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে জাসদ।