সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকা যায় না: সুরঞ্জিত

সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় ‘ঐকমত্যের’ সরকারের বিরোধিতা করে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা একটি নির্ভেজাল বিরোধী দল চাই। যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। মাথাটা সরকারি দলের, আর লেজটা বিরোধী দলের—এটা করা যাবে না। মাথা-লেজ বিরোধী দলের আর পেট সরকারি দলের; এটাও হবে না, হয়ও না। সবাই যদি মন্ত্রিত্বের জন্য কাঙাল হয়ে পড়ি, তাহলে গণতন্ত্রের কাঙাল হবে কে?’
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিরোধী দল থেকে মন্ত্রী হওয়ার বৈধতা নিয়ে ২০০৬ সালে একটি মামলা হয়েছে। দেলোয়ার হোসেন বনাম রাষ্ট্রের এই মামলায় তত্কালীন বিচারপতি মোস্তফা কামাল একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। ওই মামলায় তিনি বলেছিলেন, একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা অনৈতিক, গণতান্ত্রিক শিষ্টাচার ও সংবিধান-বহির্ভূত।
সাবেক রেল ও দপ্তরবিহীন মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের পাহারা দেওয়ার সবচেয়ে বড় শক্তি গণমাধ্যম। তারপর বিরোধী দল। আজকের বিরোধী দলকে সংসদে বিরোধী দলের ভূমিকা পালনের মধ্য দিয়ে রাজপথের বিরোধী দলের মোকাবিলা করতে হবে। বিরোধী দলবিহীন সংসদ, গণতান্ত্রিক এ প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে না। তাদের দায়িত্ব, ভালো কাজের সমর্থন দেওয়া। আর খারাপ কাজের সমালোচনা করা।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া বিদেশিদের সাক্ষাত্কার দেন। আবার দেশে গৃহবন্দী দেখানোর জন্য ‘স্বেচ্ছাবন্দিত্বের’ ভান করেন। এবার খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে। স্বেচ্ছাবন্দিত্ব থেকে বেরিয়ে আলোচনার মাধ্যমে রাজনীতিতে আসবেন। তাঁর হাসিনাবিহীন রাজনীতির এই আবদার কে রক্ষা করবে?—এমন প্রশ্নও তোলেন তিনি।
খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘শেখ হাসিনাকে কি আপনে বসাইছেন? এই অন্যায় ও অগণতান্ত্রিক আবদার রক্ষা করা যাবে না। তবে তিনি (খালেদা জিয়া) সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। তাঁকে তাঁর অবস্থান অনুযায়ী নিরাপত্তা দিতে হবে। এটা হবে রাজনৈতিক বদান্যতা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনৈতিক উদারতা। সে অনুযায়ী সব ব্যবস্থা নিতে হবে।’
সংসদের বিলুপ্তি নিয়ে তোফায়েল আহমেদ ও সৈয়দ আশরাফুল ইসলামের ভিন্ন মতের বিষয়ে জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা তোফায়েল-আশরাফ আর সুরঞ্জিত বাবুর বিষয় নয়। এটা একটা কেতাবে লেখা আছে। এটা এবার নতুন হয়েছে, এজন্যই তো এটা নিয়ে আলোচনা হবে। সাংবিধানিক বিষয়ে সংবিধানের নিয়ম অনুযায়ীই হবে। আগামীতে যারা সরকার গঠন করবে, তারাও এই নীতি অনুসরণ করবে।’
নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের নেতা নাজমুল হক প্রধান, মীর হোসেন আখতার, আওয়ামী লীগের নেতা হেমায়েত উদ্দিন প্রমুখ।