সরকার ও বিরোধী দলের সংলাপের বিকল্প নেই: দীপু মনি

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান সহিংসতা থেকে পরিত্রাণ পেতে হলে সরকার ও বিরোধী দলের সংলাপের কোনো বিকল্প নেই।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ রোববার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে এ অভিমত ব্যক্ত করেন।
কূটনীতিকদের দীপু মনি বলেছেন, বিরোধী দল সরকারের দেওয়া সংলাপের প্রস্তাব যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত দেশ সাম্প্রতিককালে যে সহিংসতা প্রত্যক্ষ করছে, তা থেকে বের হয়ে আসতে পারবে। সংলাপের ব্যাপারে বিরোধী দলকে আহ্বান জানানোর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হওয়াই তা অপরিবর্তনীয়।
মূলত, ৫ ও ৬ মে রাজধানীতে হেফাজতে ইসলামের অবরোধ, এরপর মতিঝিলের সমাবেশকে কেন্দ্র করে হেফাজতসহ বিরোধী দলের তাণ্ডব ও শাপলা চত্বর থেকে সংগঠনটির কর্মীদের হটিয়ে দেওয়ার বিষয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
হেফাজতে ইসলামের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলনকক্ষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হলেও কূটনীতিকরা ওই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করেননি। বরং চার কূটনৈতিক তাঁদের প্রশ্নে সাভারের রানা প্লাজার ধস আর বিয়োগান্ত ঘটনাটি কেন্দ্র করে বাংলাদেশের ভাবমূর্তির সংকটের বিষয়টি এনেছেন। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি ও কানাডার কূটনীতিকেরা সরকারকে খুব দ্রুত দেশের ভাবমূর্তি উন্নয়নের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
দীপু মনি ব্রিফিংয়ে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গড়া একটি অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চায় সরকার।
সংলাপের ব্যাপারে বিরোধী দলের নেত্রীকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রস্তাবের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কখনোই সংলাপের সম্ভাবনা নাকচ করে দেয়নি। প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে যোগ দিয়ে সাংবিধানিক কাঠামোর মধ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কী পদ্ধতির সরকার হবে, তা নিয়ে কথা বলতে বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানিয়েছেন।
হেফাজতে ইসলামকে শাপলা চত্বর থেকে হটিয়ে দিতে যৌথ বাহিনীর যৌক্তিকতা তুলে ধরে দীপু মনি বলেন, ওই অভিযান পরিচালনা অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু ওই অভিযানে কোনো মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হতাহতের কোনো সুযোগ নেই।