সরকার ও বিরোধী দলের সঙ্গে কাজ করে যাবে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ নেওয়া ও নতুন করে পার্লামেন্ট উদ্বোধন হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে কানাডা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করলেও এ দেশের সরকার ও বিরোধী দলগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা।

আজ গণমাধ্যমে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, নির্বাচনে অনেক বাংলাদেশি ভোটার ভোট দেওয়ার সুযোগ না পাওয়ায় এবং সংসদের বেশির ভাগ আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাডা উদ্বিগ্ন। কানাডা যদিও মনে করে যে এ নির্বাচন পুরোপুরি অংশগ্রহণের ভিত্তিতে হয়নি, এর পরও তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে বাংলাদেশি জনগণকে সমর্থন দিয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি তাদের হরতাল কর্মসূচি স্থগিত করার বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, তাদের এই উদ্যোগ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরিতে সহায়তা করবে। আমরা সব রাজনৈতিক দলের প্রতি আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশি সবার কাছে বিশ্বাসযোগ্য হবে—এমন নির্বাচনের লক্ষ্যে দ্রুত একটি  সমঝোতায় আসবে।

গণতন্ত্রের ধারাকে গতিশীল করতে ভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায়।’

‘কানাডা সরকার গুম, নির্বিচারে গ্রেপ্তার এবং বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করার বিষয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তাসহ আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

‘কানাডা আশাবাদী বাংলাদেশ সরকার চলমান রাজনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। এতে সব দল দুর্নীতিবিরোধী লড়াইয়ে নিজেদের নিয়োজিত করতে পারে। একই সঙ্গে দেশটির চলমান সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।’