রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে সরকার ও বিরোধী দলের সহায়তা চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মহাসমাবেশের অনুমতি দিতে সরকারের কাছে এবং ওই দিনের অবরোধ কর্মসূচি শিথিল করার জন্য বিরোধী দলের সহায়তা চেয়েছে তারা।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা এই সহযোগিতা করার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী লিখিত বক্তব্যে বলেন, বিরাজমান সংকট নির্বাচনকেন্দ্রিক ও রাজনৈতিক। তাই রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ পন্থায় এর সমাধান বের করতে হবে এবং সরকারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, চলমান সহিংসতায় ইতিমধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা সংখ্যালঘুদের ওপরও আক্রমণ চালাচ্ছে।