সরকার ও মালিকপক্ষ গণমাধ্যমের প্রতিকূল হিসেবে কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ বলেছেন, সরকার তো বটেই, মালিকপক্ষও গণমাধ্যমের প্রতিকূল শক্তি হিসেবে কাজ করে। অথচ জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীতে ‘জানার অধিকার: গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় গোলাম মুরশিদ এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের সঙ্গে গণমাধ্যমের বিরোধ আজকের নয়, অনেক আগে থেকেই চলে আসছে।রাজশাহীতে অবস্থিত ‘হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস’-এর উদ্যোগে এ আলোচনা সভা হয়। আর্কাইভসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, ভারতের কলকাতার কবি ও সাহিত্যিক ইরাবান বসু, আর্কাইভসের প্রতিষ্ঠাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবর রহমান প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, দেশে অনেক পত্রিকা প্রকাশিত হলেও সরকার ও মালিকপক্ষসহ নানা তরফ থেকে চাপ ও বাধা আসার কারণে সংবাদপত্রগুলো নিজেদের স্বাধীনতা রক্ষা করতে পারছে না। এসব কারণেই বর্তমানে সারা দেশের জনগণের ও জনমতের প্রতিনিধিত্ব করে এমন সংবাদপত্র খুঁজে পাওয়া সত্যিকার অর্থেই দুরূহ।বক্তারা বলেন, সংবাদপত্রের প্রকৃত স্বাধীনতা না থাকায় জনগণের এখন আর কারও কাছে যাওয়ার জায়গা নেই বললেই চলে। একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের লক্ষ্যে এ অবস্থার পরিবর্তন ঘটানো অত্যাবশ্যক। তা না হলে সবকিছুই অর্থহীন হয়ে পড়বে। আলোচনা সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার আসাদ মান্নান, অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক লোক অংশ নেন।