সরকার ও র্যাবকে চাপে রাখতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সময়ে গঠন করা এলিট ফোর্স র‌্যাবের বিলুপ্তি চাওয়া বিএনপির রাজনৈতিক কৌশল! নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাবের বিরুদ্ধে একধরনের জনমত তৈরি হয়েছে। তা কাজে লাগিয়ে সরকার ও র‌্যাবকে চাপে রাখতে চায় বিএনপি।

বিএনপি মনে করে, র‌্যাবের কারণে তাদের আন্দোলন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে। সরকার র‌্যাব বিলুপ্ত করবে না, কিন্তু এখন র‌্যাবের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তা কাজে লাগানো গেলে দল কিছু সুবিধা পেতে পারে। প্রথমত, তাদের দীর্ঘদিনের অভিযোগ র‌্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে—তা জোরালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহারের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বাহিনীর সদ্যরা উভয় পক্ষই সতর্ক থাকবে। তৃতীয়ত, এ দাবি আরও জোরালো হলে সরকারের ওপর চাপ বাড়বে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একটি দল সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কৌশল নেবে এটাই স্বাভাবিক। র‌্যাবের কারণে রাজনৈতিকভাবে গত কয়েক বছরে বিএনপিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দাবির পেছনে রাজনৈতিক ফায়দা নেওয়া বা পালে হাওয়া দেওয়ার বিষয়টিও আছে। তবে আসলেই বিএনপি র‌্যাবের বিলুপ্তি না হলেও সংস্কার চায় বলে তিনি দাবি করেন। 

বিএনপি মনে করে, তাদের নির্বাচন প্রতিহতের আন্দোলন পুরোপুরি সফল হয়নি মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে। আর এ ক্ষেত্রে র‌্যাবের একটি বড় ভূমিকা ছিল। বিএনপির হিসাবে সরকারবিরোধী আন্দোলনে ২০১৩ সালের জানুয়ারি থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দলটির প্রায় অর্ধশত নেতা-কর্মীকে ‘হত্যা’ করেছে র‌্যাব। আর গুম করেছে অন্তত ১৪ জনকে।

এসব খুন-গুমের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক আগে থেকেই মূলত বিএনপি র‌্যাব ও পুলিশের বিরুদ্ধে তাদের নেতা-কর্মীদের খুন-গুম করার অভিযোগ করে আসছে। কিন্তু র‌্যাব বিলুপ্তির দাবি জানায়নি দলটি।

নারায়ণগঞ্জে সাতজন অপহরণ হওয়ার পর গত ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় তাঁদের লাশ পাওয়া যায়। ওই দিন বিকেলে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা খুন-গুম করছে। এরপর গুম-খুনের প্রতিবাদে অনশনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দিলেও খালেদা জিয়া র‌্যাব বিলুপ্তির প্রথম দাবি তোলেন ১১ মে। এর মধ্যে নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের তিন সদস্য জড়িত থাকার অভিযোগ জোরালো হয় এবং তিন কর্মকর্তাকে নিজ নিজ বাহিনী থেকেও অব্যাহতি দেওয়া হয়।

বিএনপি কেন র‌্যাব বিলুপ্তির দাবি করছে—জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, র‌্যাব গঠন করা হয়েছিল সন্ত্রাস ও জঙ্গি নিয়ন্ত্রণের জন্য। আর এখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। বিএনপি তাদের আমলে র‌্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহার করেনি দাবি করে তিনি বলেন, এখন র‌্যাবকে রাজনৈতিক মিশনে কাজে লাগানো হচ্ছে। এটাই পার্থক্য। এ জন্য তাঁরা এ দাবি জানাচ্ছেন।

র‌্যাব বিলুপ্তির দাবি বিএনপির কোনো রাজনৈতিক কৌশল কি না—জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কথা অনেকে বলবে। বিএনপির দাবি যৌক্তিক কি না, সেটাই বিবেচ্য বিষয়। র‌্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহারের ফলে জনমনে র‌্যাব নিয়ে বিরূপ ধারণা তৈরি হয়েছে। তাই বিএনপি র‌্যাবের বিলুপ্তি দাবি করছে।