সরকার ওয়াদা পূরণে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল, সাড়ে তিন বছরেও সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; অন্যদিকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আয় না বাড়ায় নিম্ন আয়ের মানুষ সংকটে পড়েছে।গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি জিয়া হায়দারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, ইলিয়াছ আহম্মেদ, লোকনাথ বর্মণ, সজীব শরীফ, রবীন্দ্র দাস প্রমুখ।জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গত কয়েক দিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বঙ্গোপসাগরে আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এসেছেন। এ জন্য আপনারা সমুদ্রজয়ের জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করছেন।’ তিনি প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘সমুদ্রজয় করলেন বটে, কিন্তু সেই সমুদ্রের সম্পদ বাংলার মানুষ পাবে, নাকি কনকো ফিলিপস নামের আমেরিকার কোম্পানি, যাদের কাছে ব্লক বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমরা যেমন বুকের রক্ত দিয়ে বাংলার জমিন রক্ষা করেছি, ঠিক তেমনি কোনো বিদেশি কোম্পানিকে আমাদের বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে যেতে দেব না।’তিনি বলেন, দেশের সংকটতম পরিস্থিতির জন্য দায়ী লুটেরা ধনতন্ত্র, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা। দেশ ও জাতির সংকট থেকে মুক্ত করার জন্য দ্বিদলীয় মেরুকরণের বাইরে বিকল্পধারার বাম রাজনৈতিক বলয় গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার জন্য; দেশে সাম্প্রদায়িকতার বীজ বপনের জন্য নয়।তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে সাংবাদিক ও বিদেশি নাগরিকসহ কারও জীবনের নিরাপত্তা নেই। টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুপ্তহত্যা, নারী ও শিশু নির্যাতন, গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট এবং মূল্য বৃদ্ধিসহ নানা সংকটে দেশবাসী দিশেহারা। তিনি নারায়ণগঞ্জের অন্যান্য কর্মসূচির মতো ১১ এপ্রিল সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।