সরকার করপোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, যুক্তির জায়গায় শক্তি দেখাচ্ছে সরকার। সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে যে ক্ষতি হবে, সেটা নিজস্ব কাণ্ডজ্ঞান দিয়েও বোঝা সম্ভব। অথচ এটি বৈজ্ঞানিক যুক্তি দিয়েও সরকারকে বোঝানো যাচ্ছে না। দেশের জনগণের স্বার্থ বিবেচনায় না নিয়ে সরকার করপোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আনু মুহাম্মদ। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরশ আলী।
সুন্দরবনকে প্রাকৃতিক প্রাচীর উল্লেখ করে সমাবেশে আনু মুহাম্মদ বলেন, ‘কিডনির বিনিময়ে পান-জিলাপি খাওয়াটা যুক্তিসংগত নয়। সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি কিডনির বিনিময়ে পান-জিলাপি খাওয়ার মতোই। বেঁচে থাকতে হলে জীবননাশ করতে হবে, এটা কোনোভাবেই কাম্য নয়।’
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জুনায়েদ সাকী, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা ফকরুদ্দিন কবির আতিক, প্রকৌশলী কল্লোল মোস্তফা, জাতীয় গণফ্রন্টের সদস্য আমিরুন নুজহাত মনীষা প্রমুখ বক্তব্য দেন। পুরো সমাবেশটি সঞ্চালন করেন সিপিবির সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন। সমাবেশে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া এ দেশে কাউকেই জনবিরোধী প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সুন্দরবনের আশপাশে পাঁচ লাখ গাছ লাগানো হবে। কিন্তু বনের বিকল্প গাছ হতে পারে না। এটি নাকের বদলে নরুনের মতোই। বনের যে প্রাণবৈচিত্র্য, গাছ রোপণে তা পাওয়া যাবে না।