সরকার কারচুপি করার ষড়যন্ত্র করছে: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সরকার কারচুপি করার ষড়যন্ত্র করছে। তারা জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা করবে। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চল রেলভবনে রাজশাহীর সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী ও বিএনপির নেতা মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪-দলীয় জোট-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান গতকাল নগরের আদালতপাড়ায় গণসংযোগকালে বলেন, রাজশাহী এখন আধুনিক ও সমৃদ্ধির দিকে অগ্রসর, পশ্চাৎপদতার কোনো স্থান নেই। যারা রাজশাহীকে পেছনে নিতে চায়, রাজশাহীবাসী তাদের বাতিল করেছে।

খায়রুজ্জামান আরও বলেন, শুক্রবার থেকে বাসাবাড়িতে যে গ্যাস সংযোগের সূচনা হবে, তা নগরবাসী ধারাবাহিকভাবে পেতে থাকবে। এটি রাজশাহীবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনাও বটে। গণসংযোগকালে খায়রুজ্জামানের সঙ্গে ছিলেন আইনজীবী ইব্রাহিম হোসেন, রবিউল হক; জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম মো. ফারুক, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী, জাসদের নগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন প্রমুখ।