সরকার কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, তাঁর সরকার কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখবে। তিনি বলেন, আওয়ামী লীগ সুবিধার রাজনীতি নয়, কৃষক ও শ্রমজীবী মানুষের কল্যাণে রাজনীতি করে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায়ী কৃষকদের এক অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমবায়ী এসব কৃষকের কৃষিঋণের সুদ মওকুফে ভর্তুকি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে কৃষি উৎপাদন বাড়াতে সার, বীজ, বিদ্যুৎ, ডিজেল ও অন্যান্য খাতে ভর্তুকি অব্যাহত রাখবে। কারণ আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্যই কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো।সমবায় আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, সমবায়ী কার্যক্রম ছাড়া গ্রামীণ অর্থনীতি চাঙা হবে না। তাই তাঁর সরকার এই আন্দোলন আরও জোরদার করতে আগ্রহী। প্রধানমন্ত্রী ঋণখেলাপি না হয়ে সময়মতো ব্যাংকঋণ পরিশোধে কৃষকদের অনুরোধ করেন।শেখ হাসিনা কৃষি ও কৃষকদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, তাঁর সরকার এই খাতের উত্তরোত্তর উন্নতির জন্য কাজ করে চলেছে। তিনি বলেন, ১৯৮৮ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কৃষকেরা তা পাননি। সেই ক্ষতি পুষিয়ে দিতে তাঁর সরকার ৪২৬ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এতে করে দেশের ৪৪৯টি উপজেলা সমবায় সমিতি জীবন ফিরে পাবে বলে জানান প্রধানমন্ত্রী।বর্তমান সরকারের ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর অধীনে গ্রামের প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান রহমত আলী এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম। এতে সভাপতিত্ব করেন সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার। বাসস।