সরকার কৃষি বিমা চালুর উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির দিক বিবেচনা করে সরকার কৃষি বিমা চালুর উদ্যোগ নিয়েছে। বিমার আওতায় আনা গেলে বাংলাদেশে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।শেখ হাসিনা গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘কৃষি ও ক্ষুদ্র বিমা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী কৃষি খাতকে বিমার আওতায় আনার বিষয়টি চিন্তা করতে বেসরকারি বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কৃষি খাতকে বিমার আওতায় আনা হলে উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকেরা ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারবে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ এ দেশে নিত্য ঘটনা। এতে দেশের গোটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।প্রধানমন্ত্রী জানান, কৃষিকে অধিকতর উৎপাদনশীল খাতে পরিণত করা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি-বেসরকারি উভয় বিমা খাতকে নতুন পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি খাতে বিমা কোম্পানিগুলোকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অ্যাকচুয়ারি চেয়ারম্যান এম শফিক আহমেদ, আফ্রো-এশিয়ার বিমা ও পুনঃবিমা ফেডারেশনের মহাসচিব হাম্মাম বদর ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।শেখ হাসিনা বলেন, কৃষিখাত, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে বড় ধরনের ভূমিকা পালন করছে। কিন্তু বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এ দেশে ফসলহানি ও অর্থনীতির ক্ষতি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে কৃষকেরা তদের ফসল ঘরে তুলতে পারছে না। এ ধরনের দুর্যোগ কখনো কখনো তাদের ঋণের দুষ্টুচক্রে আটকে পড়তে বাধ্য করছে।শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সেমিনার বিমা প্রতিষ্ঠানগুলোকে কৃষি ও ক্ষুদ্র বিমা এবং আফ্রো-এশিয়ান বিমা শিল্প সম্পর্কে আরও বেশি জানতে সহায়তা করবে। একই সঙ্গে সেমিনারটি সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তৃতীয় বিশ্বের জন্য একটি লাগসই মডেল উদ্ভাবনে সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ এই সেমিনারের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।