সরকার কেন ভারতের নিম্নমানের কয়লা আনছে, প্রশ্ন সুলতানা কামালের
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, সরকার সুন্দরবন নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সারা বিশ্বে কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ করা হচ্ছে। সেখানে রামপাল প্রকল্পের জন্য সরকার কেন ভারতের নিম্নমানের কয়লা আনছে?
‘রামপালমুখী ভারতীয় কয়লা, বিপদাপন্ন সুন্দরবন ও ইউনেসকো বিশ্বঐতিহ্য কমিটির আসন্ন সভা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আজ সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, সরকার কেন বুঝতে চায় না যে দেশের সাধারণ মানুষ কয়লাভিত্তিক প্রকল্প চায় না। ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে সরকারের অনীহা লক্ষ করা যায়। বৈজ্ঞানিক গবেষণা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না বলে তিনি মনে করেন।
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘এত প্রশ্নবিদ্ধ একটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে সরকারকে অবশ্যই সচেতন হওয়া দরকার। সরকার দেশের ফুসফুসখ্যাত সুন্দরবনকে কেন ধ্বংসের পাঁয়তারা করছে, তা আমরা এ দেশের নাগরিক হিসেবে জানতে চাই।’ মুষ্টিমেয় লোকের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য এ প্রকল্প বাস্তবায়নের জোর তাগাদা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রকৌশলী রনজিত সাহু বলেন, রামপাল কয়লাবিদ্যুৎকেন্দ্রকে ২০১৩ সালে যে অনুমতি দেওয়া হয়, তা–ই ছিল একটি ভুল সিদ্ধান্ত। কয়লা একটি পরিষ্কার জ্বালানি, এটি ভুল কথা। প্রচলিত যে ধরনেরই প্রযুক্তি ব্যবহার করা হউক না কেন, কয়লা জ্বালানি পরিবেশ দূষিত করবেই। এটাই বাস্তবতা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ইউনেসকো ২০১৯ সালে বলেছে যে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) ছাড়া কোনো কয়লাভিত্তিক প্রকল্প সুন্দরবনে করা যাবে না। কিন্তু সরকার কোনো যুক্তিতর্কের ধার ধারছে না।
বৈশ্বিক দিক বিবেচনা করে এ প্রকল্প দ্রুত বাতিল করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে বিদ্যুতের ওভার ক্যাপাসিটি হওয়ার পরও কেনো রামপালের মতো দূষণকারী কয়লাভিত্তিক প্রকল্প প্রয়োজন? সরকার মূলত রাজনৈতিক ইগো থেকেই এসব প্রকল্প করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প গ্রহণ, বাস্তবায়নসহ সব জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানান।
বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের লক হেভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খালেকুজ্জামান, তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অন্যতম সংগঠক রুহিন হোসেন, বাপার নির্বাহী সহসভাপতি ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন প্রমুখ।