সরকার ক্রমেই হেফাজতের কাছে আত্মসমর্পণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ক্রমাগত হেফাজতে ইসলামের কাছে আত্মসমর্পণ করছে। তিন ব্লগারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটিই স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রক্রিয়া চলতে থাকলে তা মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের অস্তিত্বের জন্য বিপজ্জনক হবে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘সাধারণ ব্লগার’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। তিন ব্লগারের মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ব্লগার ফাহমিদুল হক।লিখিত বক্তব্যে ফাহমিদুল হক বলেন, যেখানে সারা দেশে ব্লগাররা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হামলার শিকার হচ্ছে, সেখানে ব্লগারদের গ্রেপ্তার করার বিষয়টি হতাশাজনক। অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্লগারদের মুক্তি ও ‘আমার ব্লগ’-এর ওপর সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনের পর রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ব্লগাররা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য দেন। বাংলা বিভাগের মানববন্ধন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ব্লগার সুব্রত শুভসহ তিন ব্লগারের মুক্তির দাবিতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন। এতে বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান, বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।আজ প্রতিবাদ সমাবেশ: সুব্রত শুভকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করবেন বলে বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান জানিয়েছেন।