সরকার ক্ষমতায় যেতে উন্মাদ হয়ে গেছে: খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, সরকার জনবিচ্ছিন হয়ে পড়েছে। তাই সরকার ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। এখন সরকার ও নির্বাচন কমিশন (ইসি) বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে।
আজ সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে সাদেক হোসেন এসব কথা বলেন।
ঢাকা সিটির সাবেক এই মেয়র বলেন, বর্তমান সরকার দেশকে শত শত বছর পিছিয়ে দিয়েছে। বিগত এক হাজার বছরের ইতিহাসেও এমন হত্যাযজ্ঞ ঘটেনি। ঢাকা সিটিকে দুই ভাগ করে মানমর্যাদা ধুলায় মিশিয়ে দিয়েছে। মেয়র এম এ মান্নানের নির্বাচনের সময় যেসব নেতা-কর্মী পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র মান্নান বলেন, ‘আমি গাজীপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই।’ আর এ জন্য গাজীপুরের জনগণের সহযোগিতা চান তিনি।
বাসন ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহম্মেদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, হাবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদ প্রমুখ।