বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান সরকারকে জনপ্রিয়তা যাচাই করতে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত চার বছরে দেশের অর্থনীতিসহ সব ক্ষেত্রেই সরকার চরম ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো বৈধতা নেই।ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সরকার এখনো নিজেদের জনপ্রিয় বলে দাবি করছে। সেটা প্রমাণ করার জন্য তাদের দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেওয়া উচিত।বিভিন্ন দেশের কূটনীতিকেরা ঈদের দিন দুপুর ১২টায় খালেদা জিয়ার সঙ্গে প্রথমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যবসায়ী নেতারা বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।সবশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশের সব মানুষকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, গত চার বছরের মতো এবারও দেশের মানুষ ভালোভাবে ঈদ করতে পারেনি। চরম অর্থনৈতিক দুরবস্থার কারণে দাম কম থাকা সত্ত্বেও অনেকেই কোরবানির পশু কিনতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া বলেন, সরকার ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ এখন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি।