সরকার গণতন্ত্র ও আইনের শাসন নির্বাসনে পাঠিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, ‘১৪ দলীয় জোট সরকার দেশ থেকে বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন নির্বাসনে পাঠিয়েছে।’ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।বিবৃতিতে বলা হয়, যে দেশে প্রধান বিরোধী দলসহ অন্যান্য বিরোধী দলের কার্যালয়ে হামলা, লুটপাট এবং কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে পুলিশ তালাবদ্ধ করে দেয়, সে দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকে কী করে?১৮ দলীয় জোটের ১৫৪ জন নেতা-কর্মীকে ‘মিথ্যা’ মামলায় কারাগারে আটক রাখার প্রতিবাদে এই বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, সরকার ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিয়েছে। এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে প্রকাশিত ‘কুতুবদিয়ায় জামায়াতের বড় নাশকতার পরিকল্পনা’ শীর্ষক খবরের প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, এ খবর মিথ্যা ও ভিত্তিহীন।