সরকার গণতন্ত্রকে টেকসই করতে অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে টেকসই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে জাতীয় সংসদের ১২টি উপনির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ পাঁচ হাজার ১৯৭টি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এসব নির্বাচন নিয়ে একটি অভিযোগও উত্থাপিত হয়নি। শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং তাদের কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করা হয়নি। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী কৃষি, শিক্ষা, খাদ্যনিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও দক্ষিণ এশিয়ায় নিযুক্ত মালয়েশিয়া সরকারের অবকাঠামোবিষয়ক বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেলু সাক্ষাৎ করেন। বৈঠককালে মালয়েশীয় দূত প্রস্তাবিত পদ্মা সেতুর প্রকল্প প্রস্তাব সম্পর্কে তাঁকে অবহিত করেন। বাসস।গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সব পক্ষকে উদ্যোগ নিতে হবে: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, দুপুরে অ্যালিস্টার বার্ট বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, ততই দেশের জন্য মঙ্গল। এ ব্যাপারে সব পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। দুই নেতার সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। খালেদা জিয়া তাঁকে বলেছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এ দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। এ ধরনের সরকারপদ্ধতি সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। খালেদা জিয়া তাঁঁকে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপায় খুঁজতে তাঁর দল সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। বিএনপি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়।বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অ্যালিস্টার বার্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনা তাঁর দেশেও আলোচনার জন্ম দিয়েছে বলে জানান। তিনি গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে বলেন।