পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক হলে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হতো। এ চুক্তি বাস্তবায়ন না করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সন্তু লারমা বলেন, ‘কখনো উপজাতি, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী আবার সাংবিধানিকভাবে আমরা বাঙালি। তাই আদিবাসী নারীদের নিয়ে সরকার কী ভাবছে, তা-ও দেখতে হবে।’
রাজধানীর আসাদগেটে সিবিসিবি মিলনায়তনে গতকাল শনিবার সকালে দুই দিনব্যাপী তৃতীয় জাতীয় আদিবাসী নারী সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন। সন্তু লারমা বলেন, ‘আদিবাসী নারীরা শুধু পরিবারেই নয়, সমাজ ও রাষ্ট্রীয়ভাবেও বৈষম্যের শিকার। হীন মানসিকতায় আদিবাসী নারী ও কন্যাশিশুর প্রতি প্রতিনিয়ত সহিংসতা বাড়ছে। পার্বত্য অঞ্চলে সেনানিয়ন্ত্রিত এলাকায় প্রতিদিন প্রতিমুহূর্তে আদিবাসী নারীদের ভয়ভীতি নিয়ে চলতে হয়। আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের বিলুপ্ত করা হচ্ছে। তাই নির্যাতন প্রতিরোধে নিজেদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নারী আন্দোলনকে শুধু বিষয়ভিত্তিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করারও পরামর্শ দেন সন্তু লারমা।
‘আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’ স্লোগান সামনে রেখে এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও কাপেং ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সহায়তা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি অতিথিদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। সম্মেলনের এ পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু ম্রং। বক্তব্যে আয়শা খানম নারী আন্দোলনের সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের সম্পৃক্ত হওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন। চাকমা সার্কেলের চাকমা রানি য়েন য়েন বলেন, ক্ষদ্র নৃগোষ্ঠীর নারীরা দুভাবে নির্যাতনের শিকার। একটি হচ্ছে তাঁরা জাতিগতভাবে, দ্বিতীয়ত তাঁরা নারী হিসেবে অন্য নারীদের তুলনায় বেশি নিপীড়নের শিকার।
ইউএন উইমেনের কর্মসূচি সমন্বয়ক তপতী সাহা, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক ওয়াসিউর রহমান, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক চৈতালী ত্রিপুরা প্রমুখ আলোচনায় অংশ নেন।