ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালাসহ সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে মনে করে সম্পাদক পরিষদ। এসব পদক্ষেপের মাধ্যমে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাইছে বলেও মনে করে সম্পাদক পরিষদ।
গতকাল বুধবার ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে একটি সভা হয়। সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে এ উদ্বেগের কথা জানানো হয়।
এ বিষয়ে গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতাসহ যেসব নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে, তথ্য অধিকার আইনে অবাধ তথ্যলাভের যে সুযোগ অবারিত করা হয়েছে, সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এর ফলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল ও গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হবে। দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি ও তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে অংশীজনদের দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি প্রণয়নের যেকোনো উদ্যোগকে সম্পাদক পরিষদ স্বাগত জানাবে।
এ ছাড়া বিবৃতিতে গত মঙ্গলবার ইনকিলাব কার্যালয়ে পুলিশের অভিযান ও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার এবং তাদের ওপর হামলার নিন্দা জানায় সস্পাদক পরিষদ।
সভায় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা ও ইনডিপেনডেন্ট-এর সাবেক সম্পাদক ও সম্পাদক পরিষদের সদস্য মাহবুবুল আলমের মৃত্যুতে সম্পাদক পরিষদ গভীর শোক প্রকাশ করে।
গতকালের এ সভায় আরও উপস্থিত ছিলেন মাহ্ফুজ আনাম, মতিউর রহমান, রিয়াজউদ্দিন আহমদ, তাসমিমা হোসেন, মতিউর রহমান চৌধুরী, মোজাম্মেল হোসেন, শ্যামল দত্ত, আলমগীর মহিউদ্দিন, খন্দকার মুনীরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, শাহজাহান সরদার, সাইফুল আলম, দেওয়ান হানিফ মাহমুদ, আমির হোসেন ও এম শামসুর রাহমান।