বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সরকার গণমাধ্যমকে দুঃশাসনের সহযোগী হিসেবে ব্যবহার করছে। কোনো কোনো গণমাধ্যম বাধ্য হয়ে, আবার অনেকে সহযোগিতার নামে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এসব গণমাধ্যমকে একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক দোয়া মাহফিল ও সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শওকত মাহমুদ এ কথা বলেন। শওকত মাহমুদের কারামুক্তি উপলক্ষে এবং কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমান ও শফিক রেহমানের আরোগ্য ও মুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।