সরকার গণহত্যা ও গণগ্রেপ্তার চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, সরকারের অপকর্মের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার হয়ে উঠেছে। এই আন্দোলন বন্ধের জন্য সরকার এখন দেশজুড়ে গণহত্যা, গণগ্রেপ্তার চালাচ্ছে। বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।গতকাল মঙ্গলবার ৩৬ ঘণ্টার হরতাল শেষে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।বিবৃতিতে দাবি করা হয়, গত দুই দিনের হরতাল চলাকালে প্রথম দিন দলের সাত শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং আট শতাধিক নেতা-কর্মীকে আহত করে ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়। রাজশাহীতে জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী সন্ত্রাসীরা জামায়াতের কর্মী মোক্তার হোসেনের হাত ও পায়ের রগ কেটে দেয় এবং তাঁর স্ত্রী আয়েশা বেগমের হাতের চারটি আঙুল কেটে নিয়ে যায়। জামায়াতের কর্মী আলমগীর হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে ঘরের আসবাবপত্র জ্বালিয়ে দেয়। এতে গবাদি পশুও পুড়ে যায়।এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি।ব্যর্থতা ঢাকতেই বিচার: গতকাল সকালে রাজধানীর বনশ্রী এলাকায় হরতালের সমর্থনে মিছিল শেষে এক সমাবেশে দলের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসনের বিচার করছে। এর মাধ্যমে সরকার জামায়াতের নেতাদের হত্যা করতে চায় বলেও দাবি করেন তিনি।জামায়াতের এই নেতা দাবি করেন, দেইল্লা রাজাকারের অপকর্মের দায়ভার দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর, আর মিরপুরের বিহারি কসাই কাদেরের দায়ভার আবদুল কাদের মোল্লার ওপর চাপিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।