দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন যেনতেনভাবে সম্পন্ন করে ক্ষমতায় আসার লক্ষ্যে সরকার দেশে অব্যাহতভাবে গণহত্যা, গণগ্রেপ্তার ও গণনির্যাতন চালিয়ে এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ অভিযোগ করেন।গতকাল চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, সরকার তাদের পথের কাঁটা দূর করার জন্য বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এসব মামলায় তাদের সাজানো ছকে শাস্তি দিয়ে বিরোধী দলগুলোকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চায়। এ উদ্দেশ্যে তারা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ‘মিথ্যা’ মামলায় জড়িয়েছে। অথচ সরকার এক অদৃশ্য শক্তির ইশারায় এ জঘন্য হত্যাকাণ্ডে মেতে উঠেছে।বিবৃতিতে ‘গণহত্যা, গণগ্রেপ্তার ও গণনির্যাতন’ বন্ধ করার এবং দেশি-বিদেশি সব মানবাধিকার সংস্থা, আলেম-ওলামাসহ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানানো হয়।