সরকার চাইলে জামায়াতের নিবন্ধন বাতিল বিল উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার যখন মনে করবে, তখনই জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করার বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার সংসদে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারির সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দশম সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
আইনমন্ত্রী বলেন, জামায়াত ও এর অঙ্গসংগঠন নিষিদ্ধ করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা আছে। সরকার যখন মনে করবে, বিলটি মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তা পাসের জন্য সংসদে আনা হবে।
এর আগে সম্পূরক প্রশ্নে নজিবুল বশর বলেন, ‘জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য আমরা একটি মামলা করেছি। এই মামলা কবে নিষ্পত্তি হবে?’ আইনের মাধ্যমে জামায়াত-শিবির নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তা-ও জানতে চান তিনি।
এই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বাদীদের (তরিকত ফেডারেশন) দরখাস্ত করতে হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যেসব ভুয়া কাজি নিবন্ধন সনদ ছাড়া বিবাহ নিবন্ধন করছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আবুল কালামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করেছে, সন্ত্রাস দমন আইনে তাদের বিচার হবে। তবে সন্ত্রাস দমন আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ এখনো সম্ভব না হওয়ায় দায়রা জজ বা অতিরিক্ত জেলা জজের মাধ্যমে মামলা পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফজিলাতুন নেসা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত মানব পাচার-সম্পর্কিত মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার করা হবে। মানব পাচার রোধে ট্রাইব্যুনাল গঠনের পর বিচারকাজ পরিচালনার জন্য প্রয়োজনে বিধি প্রণয়ন করা হবে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে রাজধানীর বাইরে যেকোনো স্থানে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করতে পারবেন। বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। তাই এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছু করার নেই।
শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভারতের প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পের প্রভাব নিরূপণের জন্য যৌথ নদী কমিশনের অধীনে একটি উপকমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালিত হচ্ছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৮৭ জন।