বিএনপির নেতারা বলেছেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার বিষয় নিয়ে পরষ্পরবিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছেন। তাই সরকার চাইলেও ’৭২-এর সংবিধানে ফিরে যেতে পারবে না।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় নেতারা এ কথা বলেন। সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, চেষ্টা করেও সরকারের পক্ষে ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়। ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, আবার বিসমিল্লাহও রাখবেন, এটা তো হতে পারে না। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সংশোধনী এসেছে। এগুলো বাদ দিতে গেলে কেবল জটিলতাই বাড়বে। ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার বক্তব্য দিয়ে তাঁরা দেশে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘বিএনপির ঘোষিত কর্মসূচি প্রতিহত করলে জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে লাগাতার কর্মসূচি দিতে হয়, সে প্রশিক্ষণ আমাদের নেত্রীর আছে।’ তিনি উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপির মহাসচিব বলেন, গণসমর্থন নেই বুঝতে পেরে সরকার হুমকি-ধমকি দিচ্ছে। তবে আন্দোলন বানচাল করা সম্ভব নয়। ইতিমধ্যেই তাঁদের হেডকোয়ার্টারে গোলমাল দেখা দিয়েছে। তাঁদের ‘ব্যালেন্স অব বডি’ ঠিক নেই। যতই আন্দোলনের তীব্রতা বাড়বে ততই তাঁদের অবস্থা বেসামাল হবে।স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জিয়াকে সহ্য করতে পারছে না। কারণ, জিয়া যেখানে সফল, তাঁদের নেতা শেখ মুজিব সেখানেই ব্যর্থ। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, এক-এগারোর ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। বিএনপির কিছু নেতাও ওই সময় বলেছিলেন, খালেদা জিয়ার ক্ষমতা খর্ব করতে হবে। ফলে শুধু মঈন-ফখরুদ্দিনের বিচার নয়, দলের মুখোশধারী ওই নেতাদেরও বিচার করতে হবে। তিনি বলেন, বিএনপিকে বাঁচিয়ে রাখতে দলের ভেতরে ও বাইরে সংগ্রাম করতে হবে। তিনি বলেন, অনেকে দলে ঐক্যের কথা বলেন, ‘আমিও ঐক্যে বিশ্বাসী। তবে একজন ইমানদারের সঙ্গে বেইমানের ঐক্য হতে পারে না।’ ঢাকার মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, জিয়া পাকিস্তানের চর ছিলেন—আইন প্রতিমন্ত্রীর এ কথা সত্য হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত শেখ মুজিবের মরণোত্তর বিচার করা। কারণ, মুজিব সরকারই জিয়াকে বীর উত্তম খেতাব ও সেনাবাহিনীর উপপ্রধান করেছিলেন। সভায় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বক্তব্য দেন। শহীদ জিয়া স্মৃতি স্মারক ২০১০ প্রকাশ: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া স্মৃতি স্মারক ২০১০’ প্রকাশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্মারকগ্রন্থে জিয়াউর রহমানের ১৯ দফাসহ কয়েকজন বুদ্ধিজীবী ও পেশাজীবীর লেখা রয়েছে। এ ছাড়া জিয়ার নানা কর্মকাণ্ডের কিছু দুর্লভ আলোকচিত্র ও তাঁর মৃত্যুর পর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ স্থান পেয়েছে।