সরকার চাল ৩১, ধান ২০ টাকায় কিনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার এ বছর প্রতি কেজি চাল ৩১ এবং ধান ২০ টাকা দরে কিনবে। আগামী ১ মে থেকে পরবর্তী চার মাস পর্যন্ত চলবে ধান ও চাল কেনা। এদিকে অপর বরিশস্য গম ২৭ টাকা কেজি দরে কেনা শুরু হবে ১ এপ্রিল থেকে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। খবর ইউএনবির।
গত বছর ধান সাড়ে ১৮ টাকায়, চাল ২৯ টাকায় এবং গম ২৫ টাকায় কেনা হয়েছিল।
খাদ্যমন্ত্রী বলেন, এ বছর দেড় লাখ টন বোরো ধান, ১০ লাখ টন চাল এবং দেড় লাখ টন গম সংগ্রহ করবে সরকার।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। তবে চাল যেহেতু কৃষকদের কাছ থেকে কেনা যায় না, তাই এটা মিল মালিকদের কাছ থেকে কেনা হবে। চলতি বছর ১ কোটি ৮৯ লাখ টন বোরো ধান উত্পাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।