সরকার চায় জুম্ম জনগণ ধ্বংস হয়ে যাক: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চুক্তি এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ছবি: প্রথম আলো
পার্বত্য চুক্তি এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘এই বাংলাদেশ সরকার কী চায়? চায় পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণ ধ্বংস হয়ে যাক, নির্মূল হয়ে যাক। হয় তাদের দেশান্তরিত হতে হবে, নয়তো এই দেশে থেকে তাদের অস্তিত্ব হারিয়ে সর্বস্বান্ত হয়ে বেঁচে থাকতে হবে। কিন্তু জুম্ম জনগণ এটা হতে দেবে না।’

রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর এবং নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় সন্তু লারমা এসব কথা বলেন। কাপেং ফাউন্ডেশন আজ সোমবার দুপুরে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় সমাপনী বক্তব্যে সন্তু লারমা বলেন, জুম্ম জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের পেছনে যাওয়ার আর পথ নেই। তাদের বেঁচে থাকার জন্য, অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যৎকে দূর করার জন্য, শাসকগোষ্ঠীর দমন-পীড়ন প্রতিরোধ করার জন্য—যা যা দরকার তা করতে হবে। যখন যে বাস্তবতা সৃষ্টি হবে, তার মুখোমুখি হয়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে পার্বত্য চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তির বাস্তবায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার কী কাজ করেছে? তারা শুধু ভূমি বিরোধ নিষ্পত্তির কমিশনের বিরোধাত্মক ধারাগুলো সংশোধন করেছে। এর বাইরে তো আর কোনো ভূমিকা রেখেছেন বলে তো মনে হয় না।’

আলোচনায় কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার হতাশার চেয়ে আরও হতাশার ব্যাপার হচ্ছে—চুক্তি বাস্তবায়ন না হয়েও তা বাস্তবায়নের দাবি করা। যে আশা নিয়ে এ চুক্তি করা হয়েছিল, তা দিনকে দিন চুপসে যাচ্ছে।

সভার শুরুতে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, ২০ বছর হলো পার্বত্য চুক্তি করা হয়েছে। যারা এই চুক্তি বাস্তবায়ন নিয়ে অপেক্ষায় আছে—এটা তাঁদের জন্য খুবই দীর্ঘসময়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত পাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য আবদুল্লাহ আল কাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন, হিল উইমেনস ফেডারেশনের সহসভাপতি চন্দ্রা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন মারমা প্রমুখ।