বিএনপি অভিযোগ করেছে, সরকার ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চায় না। আর নির্বাচন কমিশন সরকারের এ নির্দেশ বাস্তবায়ন করছে।গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী এ অভিযোগ করেন।রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা ক্রমাগত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। এ ব্যাপারে বিএনপি বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কমিশনের কাজ দেখে মনে হচ্ছে, তারা সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে।রিজভী আহমেদ আরও অভিযোগ করেন, তজুমদ্দিন উপজেলার দুর্গম চরজহিরুদ্দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ওই এলাকার নারী ভোটাররা ভোটকেন্দ্রে গেলে তাঁদের শ্লীলতাহানি ও চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা পাঠানোর প্রয়োজন ছিল না। কারণ তিনি একজন স্বচ্ছ রাজনীতিক।