সরকার চায় বিরোধী দল সংসদে এসে যথাযথ ভূমিকা পালন করুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল ও সরকার চায় বিরোধী দল সংসদে এসে যথাযথ ভূমিকা পালন করুক। বিরোধী দল সমালোচনা করলে সরকার ভুল-ত্রুটি সংশোধন করতে পারে। তাই বিরোধী দলের সমালোচনায় সরকারি দল অসন্তুষ্ট না হয়ে খুশি হয়।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে পায়াট গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জিওফ্রে পায়াটের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তাঁদের আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিসহ জলবায়ু পরিবর্তন, স্থানীয় সরকার নির্বাচন ও খাদ্য নিরাপত্তা স্থান পায়।জিওফ্রে পায়াট শেখ হাসিনার প্রশংসা করে বলেন, বাংলাদেশে এখন সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। তিনি সন্ত্রাস বন্ধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।শেখ হাসিনা সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও সংসদের দুটি আসনে উপনির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এতে প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে প্রেসিডেন্ট বারাক ওবামার আগ্রহের কথা ব্যক্ত করে বলেন, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায়।জাহাজভাঙাকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত: সরকার জাহাজভাঙা ও জাহাজ রিসাইক্লিংকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত জাহাজভাঙা ও জাহাজ রিসাইক্লিং সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জাহাজভাঙা ও রিসাইক্লিংকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে ভাষণকালে প্রধানমন্ত্রী যে এলাকায় শিল্পটি স্থাপিত হবে সেখানকার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, এই শিল্পের সব নিয়মকানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। যাতে কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এ ছাড়া পরিবেশও অক্ষুণ্ন রাখতে হবে। বৈঠকে বলা হয়, সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্তের কারণে উল্লেখযোগ্যসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।