সরকার জঙ্গিদের মূল উৎপাটনে বদ্ধপরিকর: হাছান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতকে ছাড়াই জনগণকে সঙ্গে নিয়ে দেশে জঙ্গিবাদের মূল উৎপাটন করতে সরকার বদ্ধপরিকর। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ ঐক্য ধরে রাখার জন্য আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি নানা অপপ্রচারের মাধ্যমে জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাই সংগঠিত থাকলে কোনো অপশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।