সরকার জন-আতঙ্কে ভুগছে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার জন-আতঙ্কে ভুগছে। এ কারণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে চাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, কুকুরে কামড়ালে যেমন মানুষ জলাতঙ্কে ভোগে, তেমনি এই সরকার জন-আতঙ্কে ভুগছে। কেননা ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ জনগণের জন্য কিছু করেনি। তারা কেবল নিজেদের জন্য করেছে, তাদের দলের লোকজন কেবল লুটপাট, অর্থ আত্মসাৎ আর দুর্নীতি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের জনগণের কাছে যাওয়ার সাহস নেই। কেননা জনগণকে সবকিছুর জবাবদিহি করতে হবে। বিএনপির চেয়ারপারসন বলেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু আওয়ামী লীগের সেই চাওয়া সফল হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি না মানলে দেশ মহাসংকটে পড়বে। সংঘাত হবে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিকল্পধারার এই ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।