সরকার জনগণের অধিকার হরণ করছে: বাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদ সভায় পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, সরকার জনগণের অধিকার হরণ করছে। তিনি বলেন, দেশের সম্পদ ও পরিবেশ রক্ষায় জনগণের কথা বলার বা আন্দোলন করার পূর্ণ অধিকার রয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। ‘জনস্বার্থ রক্ষায় গ্যাস ও কয়লা রপ্তানি নিষিদ্ধকরণ আইন চাই’—এ দাবিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।সম্মেলনে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, বাগেরহাটের রামপালের ফয়লায় সদ্য স্থাপিত তাপবিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়বে। এ কারণে বাপা এবং আরও কয়েকটি সংগঠন গতকাল শনিবার প্রতিবাদ সভা করলে স্থানীয় পুলিশ তাতে বাধা দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। প্রতিবাদকারীরা আরও দূরে সরে ফকিরেরহাটের ভদ্রখামারে গিয়ে সমাবেশ করলে পুলিশ তাতেও হস্তক্ষেপ করে। এই ঘটনাগুলো জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও প্রাকৃতিক সম্পদ, জ্বালানি ও পরিবেশ কর্মসূচির সদস্যসচিব জাকির হোসেন। সরকারের সঙ্গে বিদেশি কোম্পানির সদ্য সম্পাদিত পিএসসির উল্লেখ করে জাকির হোসেন বলেন, এর আওতায় বিদেশি বিনিয়োগকারী তার অংশের গ্যাস নিজস্ব মালিকানায় এলএনজি হিসেবে রপ্তানি করতে পারবে। এ ছাড়া সরকার ছাড়া তৃতীয় পক্ষের কাছে গ্যাস সরাসরি বিক্রির সুযোগও বিনিয়োগকারীর রয়েছে। অন্যদিকে কয়লা তোলার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে উন্মুক্ত খনি ও কয়লা রপ্তানির সুযোগ রেখে কয়লানীতি এখন শুধু সরকারি অনুমোদনের অপেক্ষায়। জাকির হোসেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান সংকট সমাধানে সরকারের কাছে দ্রুত খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন প্রণয়নে অনুরোধ জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, নয়টি ব্লকের পরিবর্তে দুটি ব্লকের জন্য চুক্তি হওয়ায় আগের তুলনায় বর্তমানে রপ্তানির ঝুঁকি কমেছে। কিন্তু বাকি সাতটি ব্লক হস্তগত করতে সরকারের ওপর বিদেশি কোম্পানির চাপ অব্যাহত থাকবে। সে জন্য চলমান আন্দোলন অব্যাহত থাকবে।