রাজধানীতে গতকাল সোমবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, গণমাধ্যম জনগণের শেষ আশ্রয়স্থল। সম্প্রচার নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার সে আশ্রয়টুকুও বন্ধ করতে চাইছে। পর্যায়ক্রমে সরকার সব ধরনের গণমাধ্যমকে এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশে জরুরি অবস্থা নেই, সামরিক শাসনও নেই। এ অবস্থায় এমন নীতিমালা অবিশ্বাস্য। তিনি বলেন, গণমাধ্যম জনগণের শেষ ভরসার জায়গা, যেখানে কম হলেও সরকারের সমালোচনা হয়। তিনি সাংবাদিকদের অনৈক্য ভুলে এ নীতিমালা প্রতিরোধের আহ্বান জানান।
দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল বলেন, সরকারের এ উদ্যোগ ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার সব টেলিভিশন চ্যানেলকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পরিণত করতে চায়। তিনি বলেন, ‘জনস্বার্থ’, ‘অশান্তি’, ‘বন্ধুরাষ্ট্র’ ইত্যাদি শব্দ ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা সাধারণত সামরিক শাসনে দেখা যায়। সরকার এ নীতিমালা প্রণয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি নিপীড়নের সূচনা করল কি না, এ নিয়ে সতর্ক থাকতে হবে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সরকারের উচিত ছিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে এমন নীতিমালা প্রণয়ন করা। সরকার তা না করে নিজেই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে চাইছে।
সংবিধানের দোহাই দিয়ে এমন নীতিমালা প্রণয়নের সুযোগ নেই বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য হায়দার আকবর খান রনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও শামীম রেজা, ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, এবিসি রেডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।