চট্টগ্রামে বিএনপির সমাবেশে বক্তারা বলেছেন, দেশের মানুষ কষ্টে আছে। চট্টগ্রাম থেকেই হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছে। এই সরকার জনরোষ থেকে রেহাই পাবে না।গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা এবং নগর বিএনপি আয়োজিত যৌথ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ-সংকট নিরসনের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে সরকার। নির্বাচনের আগেই দেশের জনগণ এর জবাব দেবে।আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের এখন নাভিশ্বাস উঠেছে। মানুষ এখন মানবেতর জীবন যাপন করছে।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের আজ এই অবস্থা হয়েছে। মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, সাবেক সাংসদ সরওয়ার জামাল প্রমুখ।সমাবেশ শেষে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে নগরের বিআরটিসি মোড়ে গিয়ে শেষ হয়।