এই সরকার ৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশে-বিদেশে বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু সরকার একতরফা নির্বাচনের পরে দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে। গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠন গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
আলোচনা সভার পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন নজরুল ইসলাম খান। এরপর দুপুর ১২টায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিতে তিনি নেতা-কর্মীদের নিয়ে রাঙ্গুনিয়ায় যান।
আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জিয়ার সেই বহুদলীয় গণতন্ত্র চাই। চাই সাধারণ মানুষের বাক্স্বাধীনতা। জনগণের ভোটাধিকার ফিরে পেতে চাই।’
বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাজিম উদ্দিন বলেন, ‘গোটা দেশকে কারাগারে পরিণত করেছে আওয়ামী লীগ। এই কারাগার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের সংগ্রামে এগিয়ে আসতে হবে। গণ-আন্দোলন কখনো বৃথা যায় না। জনগণের আন্দোলনে জয় আসবেই।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘জিয়া এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন।’