জ্যোতির্বিজ্ঞানের চর্চা বাড়াতে এবং এ-সংক্রান্ত গবেষণা এগিয়ে নিতে সরকার জাতীয় মানমন্দির প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে। তা ছাড়া ঢাকায় একটি বিজ্ঞান ভবন নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।স্কুল, কলেজের শিক্ষকদের জন্য ‘শ্রেণীকক্ষে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা সেমিনারের আয়োজন করেছে জাপান মহাকাশ সংস্থা (জাক্সা) ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। দেশের মাধ্যমিক পর্যায়ের ১২৫ জন শিক্ষক-শিক্ষিকা এতে অংশ নিচ্ছেন।জ্যোতির্বিদ এ আর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাক্সার পরিচালক ই হিরোহামা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আলী আসগর, বিজ্ঞানী রেজাউর রহমান, মোবারক আলী আকন্দ, ফারসীম মান্নান মোহাম্মদী এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার।উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেসকোর পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি টেলিস্কোপ উপহার দেন বাংলাদেশে ইউনেসকোর কান্ট্রি ডিরেক্টর ডেরেক এলিয়াস। এ আর খান এটি গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।