সরকার জামায়াতের সঙ্গে আঁতাত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের দুই পক্ষ আলাদা মশাল মিছিল করেছে। এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় শাহবাগ থেকে প্রথম ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চ মিছিল বের করে। মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান এইচ সরকার অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতেই বর্তমান সরকার জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। পরে গণজাগরণ মঞ্চের কামাল পাশার নেতৃত্বাধীন অংশ মিছিল বের করে।
‘সংঘর্ষের জন্য শিবির-ছাত্রদল দায়ী’: গণজাগরণ মঞ্চের আরেক অংশের মুখপাত্র ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু গতকাল দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত শুক্রবারের সংঘর্ষের জন্য ছাত্রশিবির ও ছাত্রদল দায়ী। তিনি ইমরান এইচ সরকারপন্থী অংশের দুজনের নামোল্লেখ করে বলেন, এঁদের একজন ছাত্রদল ও অন্যজন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শিবির ও ছাত্রদল বের করে দিলেই গণজাগরণ মঞ্চে কোনো সমস্যা থাকবে না।
সংবাদ সম্মেলনে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর রহমান ও বাসদ ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
গণজাগরণ মঞ্চের এখন তিনটি অংশ। এই তিন অংশের নেতৃত্বে আছেন যথাক্রমে ইমরান, কামাল পাশা ও বাপ্পাদিত্য বসু।
শুক্রবার গণজাগরণ মঞ্চের তিনটি অংশ আলাদা সমাবেশ করে। সমাবেশ শেষে ইমরানপন্থী অংশ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তারা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে তারা জাদুঘরের সামনে এলে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।