বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলার অধিকতর তদন্তের নামে বিএনপি তথা জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্রে নেমেছে। কিন্তু দেশবাসী তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।তিনি গতকাল শনিবার নোয়াখালীর সেনবাগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহম্মদের স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন। ফারুক বলেন, বিএনপি যখন জনগণের অধিকার নিয়ে সরকারবিরোধী আন্দোলনের চিন্তাভাবনা করছে, তখন সরকার আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিল করেছে। তারেক রহমান ও লুত্ফুজ্জামান বাবরকে ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়ানোর ষড়যন্ত্র শুরু করেছে।বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, বর্তমান সরকার মনে করছে, সংবিধান সংশোধন করলে তাদের কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। কিন্তু এসবই ভুল। এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব জুলম-নির্যাতন ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আন্দোলন গড়ে তুলে তাদের ক্ষমতাচ্যুত করবে।ফারুক বলেন, আজ দেশে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু নেই। সত্য প্রকাশের অপরাধে সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। সম্পাদককে জেলে ঢোকানো হয়। এসবই তাদের বাকশালি মনোভাবেরই প্রকাশ। ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গিয়ে গোপন চুক্তি করে এসেছেন। আমরা বারবার দাবি জানিয়েছি, গোপন চুক্তিতে কী আছে, তা জনগণকে জানানোর জন্য। কিন্তু আজও তা প্রকাশ করা হয়নি।’পৌর বিএনপির সভাপতি জাহিদুল হকের সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।