সুনামগঞ্জের দিরাই-শাল্লা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার থানা রোডের রেন্টিতলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিন মিলনের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার সবকিছু বাদ দিয়ে জিয়ার নাম মুছে ফেলার মিশনে নেমেছে। গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। প্রতিশ্রুতি ভঙ্গকারী এ সরকার সারা দেশে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই ও টেন্ডারবাজিতে নেমেছে। তারা বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ—সবলীগ মিলে প্রশাসনিক কর্মকর্তা সেজেছে। দিরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও থানা ছাত্রদলের সভাপতি আলমরিয়াদ তনয়ের যৌথ পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিরা এ কথা বলেন।