সরকার-জেএসএস মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসংহতি সমিতি (জেএসএস) মুখোমুখি অবস্থানে রয়েছে। সরকার দাবি করছে, চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। জেএসএসের দাবি, সরকার মিথ্যাচার করে দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন সময়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদেও চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন। এ ছাড়া ১৫টি ধারার আংশিক বাস্তবায়ন এবং আরও নয়টি বাস্তবায়নাধীন আছে বলেও সরকার দাবি করছে।
অপরদিকে জেএসএসের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রথম আলোকে বলেন, চুক্তির একটি মৌলিক বিষয়ও বাস্তবায়িত হয়নি। ভূমিবিরোধ নিষ্পত্তি, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন, আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চলের স্বীকৃতি দান ও সেই বৈশিষ্ট্য সংরক্ষণ-চুক্তির মৌলিক বিষয়।
জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা সরকারের দাবিই সঠিক বলে উল্লেখ করেন। এই দাবির পক্ষে তিনি মন্ত্রণালয়ের তৈরি একটি প্রতিবেদন দেখান। তাতে চুক্তির বিভিন্ন খণ্ডের কোন কোন ধারা বাস্তবায়িত হয়েছে, আর কোনগুলো বাস্তবায়নাধীন তা উল্লেখ আছে।
ওই প্রতিবেদনে চুক্তির ‘ক’ খণ্ডের চারটি ধারাই বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির চারটি খণ্ডের মধ্যে ‘ক’ খণ্ডের ১ নম্বর ধারায় পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত অঞ্চল ঘোষণা ও সেই অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এ সম্পর্কে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ‘সরকারের রূপকল্প ২০২১ এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে।’
জেএসএস বলছে, রূপকল্পে উল্লেখ বা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে চুক্তির ওই ধারা বাস্তবায়িত হয়েছে বলা যায় না। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি বাস্তবায়িত হওয়ার কথা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে চুক্তির ওই ধারাটি অন্তর্ভুক্ত করার দাবি তাঁরা জানালেও সরকার তা করেনি।
‘ক’ খণ্ডের ২ নম্বর ধারায় বলা হয়েছে, চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট আইন, বিধিবিধান ও রীতিগুলো প্রণয়ন, পরিবর্তন, সংশোধন ও সংযোজন করার কথা। মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই ধারাটি বাস্তবায়নের দাবি করে বলা হয়েছে, তিন পার্বত্য জেলা পরিষদ আইন পরিবর্তিত করে জারি করা হয়েছে। আঞ্চলিক পরিষদ ও ভূমি কমিশন আইন সংশোধনের কাজ অব্যাহত রয়েছে।
জেএসএস নেতাদের প্রশ্ন, যে আইন সংশোধনের কাজ শেষ হয়নি তা কীভাবে বাস্তবায়িত হয়েছে বলা যায়? তাঁরা বলেন, পুলিশ আইন, বন আইন, স্থানীয় সরকার পরিষদ আইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির কোনোটিই সংশোধন করা হয়নি। ভূমি কমিশন আইন সংশোধনে সরকার ও জেএসএস ঐকমত্য হওয়ার পরও পাঁচ বছর কেটে গেছে।
‘ক’ খণ্ডের ৩ নম্বর ধারায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন-পুনর্গঠনের কথা আছে। উভয় পক্ষ এই ধারা বাস্তবায়নের বিষয়ে একমত। তবে জেএসএসের অভিযোগ, কমিটির জন্য নিজস্ব কার্যালয়, জনবল ও অর্থ বরাদ্দ করা হয়নি।
‘ক’ খণ্ডের ৪ নম্বর ধারায় বলা হয়েছে, চুক্তি বলবৎ হওয়ার তারিখ থেকে চুক্তি অনুযায়ী দুই পক্ষের সব পদক্ষেপ গ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। সরকার বলছে, চুক্তি তো বহাল আছেই। জেএসএস বলছে, আলাদা দুটি মামলায় হাইকোর্ট চুক্তির বিরুদ্ধে রায় দিয়েছে, যা এখনো আপিল বিভাগে বলবৎ রয়েছে। তা ছাড়া, পার্বত্য চুক্তির আলোকে প্রণীত আইনগুলো সংবিধানের ১ নম্বর তফসিলে অন্তর্ভুক্ত না করায় তা কার্যকর আইন হিসেবে পরিগণিত নয়।
চুক্তির অন্যান্য খণ্ডে কিছু শব্দ ও বাক্য পরিবর্তন ছাড়া প্রধান যে বিষয় নিয়ে সরকার ও জেএসএসের ভিন্নমত, তার অন্যতম হচ্ছে-‘খ’ খণ্ডে বর্ণিত তিন পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধন। সরকারের দাবি, এটি বাস্তবায়িত হয়েছে। জেএসএস বলছে, সংশোধন চুক্তি অনুযায়ী যথাযথভাবে হয়নি। জেলা পরিষদ চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি। সর্বোপরি সংশোধিত আইন প্রয়োগের জন্য কার্যবিধিমালা এখনো করা হয়নি। ওই আইনের উন্নয়ন-সংক্রান্ত ধারাও সংশোধন করা হয়নি।
এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ ধারা এখনো বাস্তবায়িত হয়নি বলে জেএসএসের অভিযোগ। এর মধ্যে রয়েছে আঞ্চলিক পরিষদ আইনের কার্যবিধিমালা প্রণীত না হওয়া। স্থায়ী বাসিন্দাদের সনদ দেওয়ার ক্ষেত্রে সার্কেল প্রধানদের উপেক্ষা করে জেলা প্রশাসকের কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রভৃতি।
জেএসএসের নেতারা বলেন, সরকার যে ধারাগুলো বাস্তবায়নের দাবি করছে সেগুলোর পরিবর্তে যদি কয়েকটি বিষয় বাস্তবায়ন করত তাহলে পার্বত্য চুক্তির বাস্তবায়ন অনেক বেশি ফলপ্রসূ ও দৃশ্যমান হতো। এ বিষয়গুলো হচ্ছে ভূমিবিরোধ নিষ্পত্তি, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন, স্থায়ী বাসিন্দাদের দিয়ে ভোটার তালিকা করে আঞ্চলিক ও তিন জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং আইন ও কার্যবিধিমালা প্রণয়ন করে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা। সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নাধীন আছে। এগুলো সব বাস্তবায়িত হবে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ও জেএসএসের মধ্যে চুক্তিটি সই হয়েছিল। এর মাধ্যমে স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। কিন্তু গত প্রায় ১৭ বছরে পরিস্থিতি বদলে গেছে। পার্বত্য চট্টগ্রামের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এখন অনেক বেশি জটিল।
গত মহাজোট সরকারের প্রধান অংশীদার আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনের সময় প্রকাশিত ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের। ওই সরকারের মেয়াদজুড়ে বারবার সেই অঙ্গীকার পুনর্ব্যক্তও করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।