সরকার জোর করে বিশ্ববিদ্যালয় দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি দখলের জন্য সরকারকে দায়ী করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আদিবাসীরা পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে বিশ্ববিদ্যালয় চায় না। অথচ সরকার জোর করে বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এখন পুলিশ-সেনাবাহিনীর পাহারায় মেডিকেল কলেজ পরিচালনা করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আরও অনেক রক্ত দিতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জনসংহতির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি সুনির্মল চাকমা।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে চুক্তি হয়েছে। অথচ সেই চুক্তি বাস্তবায়ন নিয়ে এখন নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এটি দুঃখজনক। তিনি বলেন, যে জাতি নিজেদের অধিকারের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সে জাতিকে দমিয়ে রাখা যায় না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির সদস্য উদয়ন ত্রিপুরা, বাংলাদেশ যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক কায়সার আলম, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা। স্বাগত বক্তব্য দেন যুব সমিতির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা শাখা থেকে পাঁচ শতাধিক কাউন্সিলর ও পর্যবেক্ষক এবং জনসংহতি সমিতিসহ সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।