বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার জোর করে উপজেলা পরিষদ দখল করতে চাইছে। আর দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ শনিবার উপজেলা নির্বাচনে কোনো কারচুপি হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন গতকাল শুক্রবার বিএনপির এই নেতা পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন।
শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, কালকের (শনিবার) নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো করবেন। কিন্তু সরকারের মন্ত্রীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তাঁরা জোর করে উপজেলা পরিষদ দখল করে নিতে চান, ফল ছিনিয়ে নিতে চান।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীর কারামুক্তি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শনিবারের নির্বাচনে সরকার-সমর্থকেরা সন্ত্রাস, হামলা, তাণ্ডব চালালে ও ভোটকেন্দ্র দখল করলে জনগণকে সঙ্গে নিয়ে ‘দুর্ভেদ্য ঘেরাওয়ে’ নির্বাচন কমিশনকে আটকে দেওয়া হবে ‘বিপ্লবী কর্তব্য’। তিনি অভিযোগ করেন, বিভিন্ন উপজেলায় সরকারদলীয়রা সন্ত্রাস চালাচ্ছেন।